৫৫ বছরের ঐতিহ্য নিয়ে নতুনঅভিযাত্রার প্রত্যয়ে দৈনিক গণকণ্ঠ

দৈনিক গণকণ্ঠ রিপোর্ট:
৫৫ বছরের দীর্ঘ পথচলা, সংগ্রাম ও অর্জনের গৌরবময় ইতিহাসকে ধারণ করে নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দৈনিক গণকণ্ঠ। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অতীতের ঐতিহ্য তুলে ধরা, বর্তমানের অগ্রযাত্রাকে সুসংহত করা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকায় দৈনিক গণকণ্ঠ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি সভায় বর্ণাঢ্য আয়োজনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উদযাপন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০টি উপকমিটি গঠন করা হয়।
দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এবং টেলিলিংক গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এম নূরুজ্জামান চৌধুরী, এনডিসি, পিএসসি এবং গণকণ্ঠের যুগ্ম সম্পাদক ম. শেফায়েত হোসেন। তাঁরা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল, সুশৃঙ্খল ও অর্থবহ করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় গণকণ্ঠের সাংবাদিক, মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক ও কলাকুশলী এবং ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু পত্রিকাটির ৫৫ বছরের গৌরবময় পথপরিক্রমা, প্রতিকূলতা, সংগ্রাম, সাফল্য ও অর্জনের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দৈনিক গণকণ্ঠ কেবল একটি সংবাদপত্রের নাম নয়; এটি বাংলাদেশের সংবাদপত্র জগতের ইতিহাস, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রথম প্রকাশনার মধ্য দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, তা নানা প্রতিকূলতা, সময়ের পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করে আজ ৫৫ বছরের গৌরবময় মাইলফলকে উপনীত হয়েছে। এই দীর্ঘ পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের টিকে থাকার ইতিহাস নয়, বরং সময়, সমাজ, রাষ্ট্র ও গণমানুষের সঙ্গে দৈনিক গণকণ্ঠের সম্পৃক্ততারও প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, অতীতের অর্জনই একটি প্রতিষ্ঠানের একমাত্র পরিচয় হতে পারে না; সেই ঐতিহ্যকে ধারণ করে সময়ের চাহিদা অনুযায়ী সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত চ্যালেঞ্জ। গণকণ্ঠের ইতিহাস ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে পত্রিকাটিকে আরও আধুনিক, গতিশীল, বস্তুনিষ্ঠ, পাঠকনন্দিত ও প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁর অঙ্গীকার। এ লক্ষ্য অর্জনে সম্পাদকীয় স্বাধীনতা, পেশাদারিত্ব, সংবাদ পরিবেশনের মান এবং পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে গণকণ্ঠের এই দীর্ঘ যাত্রায় সংশ্লিষ্ট সাংবাদিক, লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্মীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা সম্পাদক মেজর জেনারেল (অব.) এম নূরুজ্জামান চৌধুরী বলেন, গণকণ্ঠের ৫৫ বছরের ঐতিহ্য ও অর্জনকে ভিত্তি করে পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে আমাদের সম্মিলিত লক্ষ্য। গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হলে সংবাদপত্রকে হতে হবে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল, সময়োপযোগী এবং জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গণকণ্ঠকে শুধু একটি পরিচিত সংবাদপত্র হিসেবে নয়, বরং পাঠকের নির্ভরতার জায়গা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করা হবে। এ জন্য সংবাদ ও সম্পাদকীয় মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া কার্যক্রমের সম্প্রসারণ এবং সাংবাদিক ও কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় প্রথম প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, গণকণ্ঠের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিক উদযাপনে সীমাবদ্ধ থাকবে না; বরং পত্রিকাটির গৌরবময় অতীত, বর্তমানের অর্জন এবং ভবিষ্যতের অগ্রযাত্রাকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গণকণ্ঠের প্রাতিষ্ঠানিক নবযাত্রারও একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে।