বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলাইটে চলছে টহল

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক সার্চলাইট ব্যবহার করে চলছে কঠোর নজরদারি। সার্চলাইটের তীব্র আলোয় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন টহলরত বিজিবি সদস্যরা।

আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের শীর্ষ ৪ নেতা রবিবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন, এমন খবর বেনাপোল সীমান্তে পৌঁছানোর পরই বিজিবির পক্ষ থেকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন যশোর-৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ। এই কঠোর অবস্থা এখন থেকে বলবৎ থাকবে বলে জানান তিনি। #