ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হুমায়ুন কবির (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাতে ভুল্লী থানা এলাকার ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিশাকুড়ি (পোস্ট অফিস পাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন কবির ওই গ্রামের মৃত গাজীমদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে খালিশাকুড়ি গ্রামে হুমায়ুন কবিরের বসতবাড়ির বাইরের উঠান থেকে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।