বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় শহিদুল ইসলাম তোতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। সর্বশেষ চাঁদা না দেওয়ায় গোলাম হোসেন বুদো (বুদো) নামের এক ব্যক্তিকে মারধর ও ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে বিচার ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী দাবি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে কন্দর্পপুর গ্রামের একাধিক ব্যক্তি ও ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, জুলাই বিপ্লবের সময় খাগড়াছড়ি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম তোতা নিজ গ্রামে পালিয়ে আসেন। এরপর থেকে ওই অস্ত্রের ভয় দেখিয়ে রাতে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে তাদের দাবি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা। স্থানীয়দের দাবি, তিনি রাতে এলাকায় ঘোরাফেরা করলেও দিনের বেলায় বাড়িতে অবস্থান করেন।
আহত গোলাম হোসেন বুদো অভিযোগ করে বলেন, শহিদুল ইসলাম তোতা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১৪ নভেম্বর সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাকে মারধর করা হয়। এ সময় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে রবিবার দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নিজামপুর ইউনিয়নের বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ঘটনার বিষয়টি জানতে পেরে রবিবার দুপুরে পুলিশ পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তার বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। #