আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও হরিপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে হরিপুর সীমান্তের নাগর নদীতে এ ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গিপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শীতলপুর
এলাকার নাগর নদীতে গোসল করতে নামে রকি সহ তার কয়েকজন বন্ধু। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তখনই তার মৃত্যু হয়েছে বলে জানা যায় ।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রকির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী (হাসান) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।