ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভুল্লী থানাধীন ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা রাস্তার উত্তর পাশে শ্যামল রায়ের বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁর নিজ শয়নকক্ষ থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের শ্যামল রায় (২৮), পিতা শ্রী অতুল চন্দ্র রায় এবং একই এলাকার মো. জাহিদুর রহমান (২১), পিতা মো. আলতাফুর রহমান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন অনলাইন ক্যাসিনোর মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ১০০টি সিম কার্ডের ব্যবহার ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।