ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সীমান্তবর্তী হরিণমারী ঈদগাহ মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫০ বিজিবির অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলদলটি শনিবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।

অভিযানে সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘হরিণমারী ঈদগাহ মাঠ’ নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

তবে অভিযানের সময় এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন কৌশলী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদলের এই অভিযান পরিচালিত হয়।

ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।