আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কৌশলে পালিয়ে গেছে চক্রের আরও এক সদস্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ একটি দল রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. মাসুদ রানা (২৯) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৬,৬০০ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, সে পীরগঞ্জের মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে মাদক কিনেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় প্রদীপের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের খাটের নিচ থেকে ১,২৪৫ পিস ট্যাপেন্টাডল ও নগদ ৯৭,২০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় শ্রী প্রদীপ দাস (২০) কে গ্রেপ্তার করা হলেও তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পালিয়ে যায়।
যৌথ অভিযানে মোট ১,২৭৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।