তেঁতুলিয়ায় নজরুলের গান-কবিতায় মুখর শিক্ষার্থীরা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি:

‘চল্ চল্ চল্- দ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনাময় গানের সুরে মুখর হয়ে উঠলো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুম। নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া হলো জাতীয় কবির সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।

উদ্বোধনী আয়োজনটি ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে নজরুলের কালজয়ী গান ‘চল্ চল্ চল্’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ এবং ‘একি অপরূপ রূপে মা তোমার’ পরিবেশন করে। তাদের কণ্ঠে নজরুলের সৃষ্টির অনুরণনে অনুষ্ঠানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নজরুলের সাহিত্য ও সংগীত শুধু বিনোদনের বিষয় নয়; তাঁর সৃষ্টিতে রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সেই চেতনার সঙ্গে পরিচিত করতেই এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটে ওঠে নজরুলকে জানার ও তাঁর সৃষ্টিকে ধারণ করার আগ্রহ। গান পরিবেশনের পাশাপাশি প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোস্তাহেদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, জিয়া পরিষদ তেঁতুলিয়ার সভাপতি ও ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবিক মূল্যবোধ ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতা তেঁতুলিয়ার শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।