ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার ভোর চারটার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপির নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন, উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও একই গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান গুরুতর আহত হন। ঘটনার পর বিএসএফ সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিইও আবদুল্লাহ আল মঈন। তিনি বলেন, মরদেহ দেশে নিয়ে আসার জন্য পতাকা বৈঠকের চেষ্টা চলছে।