মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৬৩টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তিদের মধ্যে গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের দুই ছেলে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে চোংগাখাতা এলাকার আসামিদের নিজ দখলীয় বসতবাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির দুটি কক্ষ থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেহ ও কক্ষ তল্লাশি করে ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট এবং ৬৩টি ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন জেলায় দুটি নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।