পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার (২৪ মে) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এসব কর্মকাণ্ড শিক্ষক সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল রানা, ফারুক হোসেন, মো. মামুন, মোছা. ফরিদা আক্তার, মোছা. আফরোজী বেগমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।