ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মো. আনিছুর রহমান আনিছ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার জমিদারপাড়া এলাকায় সিরাজউদ্দৌলা রোডসংলগ্ন গোল্ডেন স্প্রিং টাওয়ারের দ্বিতীয় তলার ২/সি নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান পঞ্চগড় জেলার বোদা থানার বাকপুর (শেরপাড়া) এলাকার মৃত কাসেম আলীর ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকায় গোল্ডেন স্প্রিং টাওয়ারে বসবাস করতেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা, ডিএমপির একটি থানা, আখাউড়া রেলওয়ে থানা ও পঞ্চগড় সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।