মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ জিলানী মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের খোচাবাড়ী বাজার সংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী জিলানী মিয়ার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিলানী মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৩।