আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
কলেজের ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক
মঙ্গলবার সকাল ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফ। তাঁরা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইলিয়াস আলী বলেন, ‘ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।’
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।