ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রিয়াদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় মাসুদ রানা ওরফে মাসুম (৩৮) নামে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া ও চণ্ডীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। অভিযানে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিয়াদ (২৩) ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. হারুন অর রশিদের ছেলে। অপরদিকে, মাসুদ রানা ওরফে মাসুম (৩৮) চণ্ডীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোস্তাফিজুর রহমান।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় দুটি নিয়মিত মামলা দায়েরের তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর জেলায় মোট ছয়টি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুটি ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।