ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩৫ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেল তল্লাশি করে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।