ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায়
মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে সদর থানাধীন ৯ নম্বর রায়পুর ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেতুলিয়া গ্রামের জনৈক তরিকুল ইসলামের বসতবাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে ঢোলইগামী কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. সিরাজুল ইসলাম (৫৮) ঠাকুরগাঁও সদর উপজেলার তেতুলিয়া কাচনা গ্রামের মৃত ছলিফ উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি ডিবি গোলাম রসুল জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।