পেশাদার সাংবাদিকদের ঐক্যের নতুন ঠিকানা যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

যশোর প্রতিনিধি :
পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যয়ে যশোরে আত্মপ্রকাশ করেছে ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ)।

নবগঠিত সংগঠনটি যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ ও অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, যশোরের সাংবাদিকতা অঙ্গনে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা জোরদার করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। #