মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রচার, জামিনে বেরিয়ে সাংবাদিককে হুমকি যুবদল নেতার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী যুবদল নেতার ছবিসহ সংবাদ প্রকাশ করায় জামিনে বের হয়ে ওই সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ পাওয়া গেছে জুয়েল রানা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে মোবাইলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আজকের পত্রিকা ও সময়ের কন্ঠস্বরের সাংবাদিক আল মামুন জীবনকে প্রাণ নাশের হুমকি ও তার পরিবারকে জড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক আল মামুন জীবন।

সাংবাদিক আল মামুন জীবন জানান, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হোন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে। সেই খবর ছবিসহ সামাজিক মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রচার করেন সাংবাদিক আল মামুন জীবন। জামিনে বেরিয়ে মঙ্গলবার দুপুরে জুয়েল তার ব্যবহৃত মোবাইল দিয়ে সাংবাদিক আল মামুন জীবনের মোবাইলের ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।

এ ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ এবং জুয়েলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

স্থানীয় আরেক সাংবাদিক জয়নাল আবেদিন। তাকেও দুদিন আগে জুয়েল সহ তার লোকজন ফোন দিয়ে ফেসবুকে নিউজের লিংক ডিলিট করিয়েছেন। তিনি জানান, এ ঘটনা তিনি প্রেস ক্লাবের নেতাদের অবগত করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ জানান, মাদক ব্যবসায়ীরা যদি সাংবাদিকদের হুমকির মধ্যে রাখে। দ্রুত জামিনে বের হয়ে সংবাদ প্রকাশে বাধা দেয়, এটা মেনে নেওয়া হবে না। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করছি। মাদক ব্যবসার সাথে জড়িত, মামলা থাকার পরেও জুয়েল জামিনে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের হুমকি দিয়েছে। আমরা অভিযোগ নিয়েছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

বালিয়াডাঙ্গী উপজেলায় যুবদলের দুটি গ্রুপ। কোন গ্রুপেই জুয়েল তাদের গ্রুপের লোক বলে মানতে নারাজ। এ জন্য কেউ তার বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।