শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে এক লাখ টাকা জরিমানা


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখ বিহীন এবং অনুমোদনহীন রং ব্যবহার করে তৈরি শিশু খাদ্য বিক্রির অভিযোগে বিসমিল্লাহ স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা। বৃহষ্পতিবার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এসময় ঠিকানা বিহীন একটি ফ্যাক্টরিতে তৈরি করা এসব শিশু খাদ্য দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ অনিরাপদ শিশু খাদ্য জব্দ করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এসব খাদ্য গ্রহণের ফলে শিশুরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। এমনকি কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। শেষমেষ প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় শার্শা থানা পুলিশ ও যশোর জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। #