অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি


বেনাপোল প্রতিনিধি :
অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বেনাপোল চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এ লক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।