ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:

পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নতুন করে কোনো সাংগঠনিক কমিটি গঠন কিংবা নেতৃত্ব দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে কাউকে জড়িত থাকতে দেখা গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো ধরনের চেষ্টা প্রতিহত করা হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।