জিংক ধানে পুষ্টি বেশি, হরিপুরে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ


‎
‎গোলাম রব্বানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎শুধু পেট ভরলেই হবে না, শরীরে চাই পুষ্টিও। এই বার্তা নিয়েই ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও ভলান্টিয়ারদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
‎আজ রোববার, (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের আইসিটি কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। REACTS-IN প্রকল্পের আওতায় HarvestPlus Solutions (HPS) ও NAF-Bangladesh এর যৌথভাবে আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।
‎প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার “চন্দন কর।”
‎এ সময় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হারভেস্ট প্লাসের প্রজেক্ট ম্যানেজার মো. শাহিনুল কবির, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার রুমা বেগম ও হারভেস্ট প্লাসের মো. আবু তালহা।
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, “১৭টা গ্রামে ২০ জন আপনারা কাজ করেন। আপনাদেরকে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু বাস্তবায়ন হবে আপনাদের হাত দিয়েই।”
‎তিনি মাঠের কাজের খোঁজ নিয়ে প্রশিক্ষণার্থীদের বলেন, “আপনি লাস্ট কবে মাঠে গেছেন? কোন গ্রামে গেছেন? কার বাড়িতে গেছেন? কৃষক মিটিং করেছেন কি না,এগুলোই আসল কাজ। আমি নিজেও ওয়ার্ডে, গ্রামে গিয়ে ২-৩টা সেমিনার করেছি।”
‎জিংকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “একটা বাচ্চা যখন অসুস্থ হয়, জ্বর হয় বা ডায়রিয়া হয়, তখন ডাক্তারের কাছে গেলে দেখবেন একটা ওষুধ কমন- জিংক। কারণ এটা বাচ্চার গ্রোথের জন্য কাজ করে, মানসিক বিকাশ,শারীরিক ও মেধা  বিকাশের জন্য কাজ করে।”
‎তিনি আরও বলেন, “গ্রামের বাবা-মায়ের কাছে এই বার্তাটা আপনাদেরই পৌঁছে দিতে হবে।”
‎প্রশিক্ষণে জানানো হয়, জিংকের অভাবে শিশুদের শারীরিক বৃদ্ধি কমে যায়, বারবার ডায়রিয়া ও ঠান্ডা-জ্বর হয়, ক্ষত শুকাতে দেরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
‎
‎জিংক ধান চাষে বাড়তি উপকারিতাঃ
‎প্রশিক্ষকরা বলেন, জিংক ধান সাধারণ ধানের মতোই চাষ করা যায়, ফলনও ভালো হয়। কিন্তু এর বাড়তি সুবিধা হলো-
‎শিশুর বুদ্ধি ও শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে
‎রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
‎গর্ভবতী মা ও কিশোরীদের জন্য বিশেষ উপকারী,
‎ডায়রিয়া ও খাটো হয়ে যাওয়া রোধে ভূমিকা রাখে ‎নিজের জমির ধানেই পরিবারের পুষ্টির চাহিদা মেটে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এখন থেকে নিজেরা চাষ করার পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের জিংক ধানের বীজ, চাষ পদ্ধতি ও এর উপকারিতা সম্পর্কে জানাবেন।