নিজস্ব প্রতিবেদক
দৈনিক গণকণ্ঠের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (বর্ষপূর্তি) বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ঢাকায় গণকণ্ঠের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৭ তারিখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
দৈনিক গণকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মেজর জেনারেল (অব.) এম নূরুজ্জামান চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ম. শেফায়েত হোসেন প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদযাপনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঢাকার র্যাংকিন স্ট্রিট থেকে কবি আল মাহমুদের সম্পাদনায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আফতাব আহমাদের নেতৃত্বে দৈনিক গণকণ্ঠের যাত্রা শুরুর ইতিহাস তুলে ধরেন। তিনি পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, নানা প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক গণকণ্ঠ তার প্রকাশনা অব্যাহত রেখেছে। দেশের সংবাদপত্রের ইতিহাস, ঐতিহ্য ও সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় পত্রিকাটির ভূমিকা গুরুত্বপূর্ণ। দীর্ঘ পথপরিক্রমায় গণকণ্ঠের এই অগ্রযাত্রা অব্যাহত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে পত্রিকাটিকে আরও সমৃদ্ধ ও পাঠকপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।
ব্যবস্থাপনা সম্পাদক মেজর জেনারেল (অব.) এম নূরুজ্জামান চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সুষ্ঠু ধারার সাংবাদিকতার মাধ্যমে দৈনিক গণকণ্ঠকে আরও এগিয়ে নিতে হবে। এ লক্ষ্য অর্জনে পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও পেশাদারত্ব অপরিহার্য। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিকরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাব ও মূল্যবান মতামত তুলে ধরেন। তারা অতীতের ধারাবাহিকতায় আগামী ১০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, বিশেষ আয়োজন এবং উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সমন্বয়ের লক্ষ্যে ব্যবস্থাপনা সম্পাদক মেজর জেনারেল (অব.) এম নূরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠার ৫৫ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান গণকণ্ঠের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।