হরিপুরে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা


‎
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
‎আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার, (১৯ নভেম্বর) সকালে হরিপুর উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নেতা-কর্মীরা লকডাউন প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াদসহ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হরিপুরে লকডাউন মানা হবে না। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার মতো কোনো কর্মসূচি সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

‎