‎হরিপুরে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ‎


‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
‎”দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
‎উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
‎সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
‎পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর।
‎সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকার প্রশিক্ষণ ও ঋণ সহায়তাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষিত যুবকরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
‎আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।