হরিপুরে উদয় সাগর পুকুরে ডুবে ২ কিশোরের মৃত্যু

‎
‎
‎হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
‎
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উদয় সাগর পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে আজ রবিবার (২৫ অক্টোবর) রাত ১টার মধ্যে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন উদয় সাগর নামের পুকুরে এ ঘটনা ঘটে।
‎মৃত দু’জন হলো, দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজ (১২) এবং হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫)।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ এক সপ্তাহ আগে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল দুপুর ২টার দিকে সে বাবার সঙ্গে পুকুরপাড়ে যায় এবং মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের নৌকায় উঠতে চায়। বাবা নিষেধ করে তাকে বাড়িতে নিয়ে যান। পরে বিকেল ৩টার দিকে সবার অগোচরে মিরাজ তার সঙ্গী রনককে নিয়ে আবার পুকুরে যায়। তারা ড্রামের নৌকায় করে পুকুরের মাঝে গেলে নৌকাটি ডুবে যায়।
‎বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে রনকের ব্যবহৃত বাইসাইকেলটি পাওয়া যায়। পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
‎এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম আজাদ বলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে কারো কোন সন্দেহ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর  এবং মাটি দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।