আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলের সীমান্ত এলাকায় স্ট্রোক করে মারা গেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক যুবক। তাঁর নাম নুর আলম (২১)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিম্বাবুয়ে সীমান্তে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত নুর আলম রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাদিহাট মাসুডাঙ্গা গ্রামের মো. হাসেম উদ্দিনের ছোট ছেলে।
পারিবারিক সূত্র জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং জীবিকার সন্ধানে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন নুর আলম। অবৈধ পথে জিম্বাবুয়ের জঙ্গলের সীমান্ত পার হওয়ার সময় পথে হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
নুর আলমের অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বপ্ন পূরণের আগেই ছেলের এমন মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা ও স্বজনরা।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবার।