‎হরিপুরে রশিদ ছাড়া ১৫ বস্তা সার পরিবহন, ভ্যানচালককে জরিমানা

‎হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে ক্রয় রশিদ ছাড়া টিএসপি ও পটাশ সার পরিবহনের অভিযোগে এক ভ্যানচালককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎আজ রোববার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার কামারপুকুর (হাকুডাকু) নামক স্থানে সাধারণ জনগণ ৫ বস্তা টিএসপি ও ১০ বস্তা পটাশ সারসহ একটি ব্যাটারিচালিত ভ্যান আটক করে।
‎আটক ভ্যানচালকের নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তাঁর বাবার নাম ইউসুফ আলী, বাড়ি বীরগর গ্রামে, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও।
‎জিজ্ঞাসাবাদে রবিউল জানান, সারের ক্রেতা মো. মুসা (৪০), বাবা তালু মেম্বার, গ্রাম পাহাড়গাঁও, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও। রানীশংকৈল বাজারের অজ্ঞাত এক দোকান থেকে এই সারগুলো তার ভ্যানে তুলে দেওয়া হয়। তবে সার ক্রয়ের কোনো রশিদ তার কাছে ছিল না।
‎পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট মামলা নং- ৮৯/২৬ এর মাধ্যমে ভ্যানচালক রবিউল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন বলেন, বৈধ কাগজপত্র ছাড়া সার পরিবহন আইনত দণ্ডনীয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।