ঠাকুরগাঁও প্রতিনিধি
আসামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অসহায় ও বিধবা সনাতনী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি ও থ্রি-পিস) বিতরণ করেছে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়ার খড়িবাড়িস্থ ডোমিনো স্কুল অব বাংলাদেশে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুমিত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল জব্বার বলেন, “মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো বস্ত্র। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে একটি নতুন কাপড় অসহায় ও বিধবা নারীদের মনে আনন্দের নতুন বার্তা নিয়ে আসে। ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’ মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি বৈষম্যহীন, আনন্দময় সুন্দর আগামী গড়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি তাদের এই সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংস্থাটির সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদ আহমেদ।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এভাবে এগিয়ে এলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো অনেক সহজ হয়। নিজেদের পেশাগত ও ব্যক্তিগত কাজের পাশাপাশি তরুণদের এই মানবিক প্রচেষ্টা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও সংগঠনের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুমিত তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা নিখাদ মানবিক তাগিদ থেকেই আমরা এই উদ্যোগগুলো নিয়ে থাকি। চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বস্ত্র বিতরণের মতো সমাজসেবামূলক কাজ নিয়ে আমাদের এই সংগঠন এগিয়ে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও সমাজের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, রুহিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ আহসান হাবীব, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন সরকার, ডোমিনো স্কুল অব বাংলাদেশের প্রধান শিক্ষক মোঃ সুমন আলী, রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং বনমালী ডট কমের পরিচালক সন্তোষ কুমার বর্মন।
বক্তব্য শেষে আগামীর স্বপ্ন মানবিক সংস্থার উদ্যোগে এলাকার অর্ধশতাধিক অসহায় ও বিধবা সনাতনী নারীর হাতে শারদীয় দুর্গোৎসবের উপহারস্বরূপ নতুন শাড়ি ও থ্রি-পিস তুলে দেন অতিথিবৃন্দ।