মো.সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা ও অবগতিপত্র জমা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান। এ সময় ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, অনলাইন সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, নাম-ঠিকানাবিহীন অনলাইন পেজের মাধ্যমে অসত্য সংবাদ ও গুজব প্রচারসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও অপরাধ প্রকাশ-এর মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সকালের বার্তা ২৪ ডটকমের মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আতোয়ার রহমান (দৈনিক নবচেতনা ও দি গুড মর্নিং ), সহ-সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ (জাতীয় দৈনিক আমার বার্তা ও দৈনিক ইনতিজার), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সোহেল (দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন ), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (টাঙ্গাইল সমাচার, দৈনিক সবুজ বিপ্লব), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল রানা (দৈনিক যুগধারা ও অপরাধ নিউজ), কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (দৈনিক তথ্যানুসন্ধান), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (দৈনিক যুগধারা ও খবর দুনিয়া) এবং কার্যকরী সদস্য -মির্জা জিয়াউল হাসান জনি (দৈনিক ক্রাইম জনতা, এটিভি নিউজ) মো. শাহীন (দৈনিক সকালের বার্তা ২৪ ডটকম) ও মো. মারুফ (অপরাধ প্রকাশ)।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “টেলিভিশন ও প্রিন্টমিডিয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে সংবাদজগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তবে অসত্য সংবাদ ও গুজব থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”
এ সময় ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের নেতৃবৃন্দ পেশাদার, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতার ইতিবাচক বিকাশ, সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।