বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা জোরদার, আসছে সাবেক ছাত্রলীগ সম্পাদক রোটনের মরদেহ

বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে দেশে আনা হচ্ছে। আজ রোববার (১১ অক্টোবর) সকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চেকপোস্ট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মরদেহ দেশে আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মাহফুজুর হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।
আজ সকালে তাঁর মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এ কারণে সীমান্তের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।#