আনোয়ার হোসেন আকাশ:
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি –
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আপনারা যে কাজটি করবেন, সবচেয়ে আন্তরিকতার সাথে করবেন, তাহলে আপনাদের কেউ ঠেকাতে পারবে না। এই কাজটি অল্প দিনের। এই ট্রেনিংটা ভালোভাবে নিন, ভবিষ্যতে কোনো ইন্টারভিউতে গেলে কাজে লাগবে।”
তিনি আরও বলেন, “আমি এই জেলায় এসে দেখেছি, ১৭ বছর উন্নয়ন কম হয়েছে। এ এলাকার মানুষ শৌখিন ছিল, তা প্রাচীন মসজিদ-মন্দিরগুলো দেখলেই বোঝা যায়। এই অঞ্চলে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। তারপরও এখানে ৮০ শতাংশ বিয়ে বাল্যবিবাহ এবং যৌতুক দিয়ে হয়। আত্মহত্যার ঘটনাও প্রতিদিন কমবেশি ঘটছে। এগুলো চিহ্নিত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ প্রশিক্ষণার্থীরা।