ঠাকুরগাঁওয়ে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি: পিকআপসহ বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার, গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় ঔষধের দোকানে চুরির ঘটনায় বিপুল পরিমাণ ঔষধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে গোবিন্দনগর এলাকার একটি ঔষধের দোকান থেকে বিভিন্ন ধরনের দামি ঔষধ চুরি হয়। চুরি যাওয়া ঔষধের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।
ঘটনার পর দোকানের মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ (৩৮) ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাজু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৬০) ও মো. বিশাল হোসেন (৫৫)-কে শনাক্ত করা হয়। পরে বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি কাজে ব্যবহৃত পিকআপটিও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি হওয়া ঔষধ শিখর চন্দ্র সরকার (৩০)-এর কাছে বিক্রি করার কথা জানায়। পরে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শিখর চন্দ্র সরকারকে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, শিখর চন্দ্র সরকারের বসতবাড়ি ও গোবিন্দগঞ্জ বাজারে তার দোকানে অভিযান চালিয়ে বাদীর শনাক্ত মতে চুরি যাওয়া বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তার রাজু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও বিশাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং চুরির ঘটনার পারিপার্শ্বিক অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ মিডিয়া সেল, ঠাকুরগাঁও সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।