ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে পানির পাম্প চুরির সময় দেখে ফেলায় লাঠির আঘাতে বিন্দুমতি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিন্দুমতির ছোট ছেলে রঞ্জন সরকারের বাড়িতে পানির পাম্প চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় শৌচাগারে যাওয়ার পথে বিন্দুমতি তাদের দেখে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে ধরা পড়ার আশঙ্কায় দুর্বৃত্তরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আঘাতে গুরুতর আহত হয়ে বিন্দুমতি ঘটনাস্থলেই পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাথায় রক্তাক্ত জখম দেখতে পান। এ সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা। পরে চোরেরা বাড়ির পানির পাম্প নিয়ে পালিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।