আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বন্য প্রাণীর হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন আক্রমণের পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে গ্রামবাসীরা বাড়ির আঙিনায় ও স্থানীয় দোকানে অবস্থান করার সময় একটি বন্য প্রাণী আকস্মিক হামলা চালায়। এটি বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে দিয়ে সটকে পড়ে।
একপর্যায়ে প্রাণীটি বাড়িতে ঢুকে শিশু ও গবাদিপশুর ওপরও আক্রমণের চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে এটি পালিয়ে যায়। আক্রান্তদের মধ্যে বয়োবৃদ্ধ ময়রমা (৭২), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলসহ অন্তত ১২ জনের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, এটি দেখতে হায়নার মতো ছিল এবং একটি মাত্র প্রাণীই পর পর দুইটি গ্রামে এই তাণ্ডব চালিয়েছে।
ঘটনার পরপরই আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, ক্ষত দেখে প্রাথমিকভাবে বন্য প্রাণীর কামড় বলেই ধারণা করা হচ্ছে। আহতদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও গুরুতরদের ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়েছে।