ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গভীর রাতে অপহরণের পর উদ্ধার করা হলেও থানায় মামলা নিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের আশায় শেষ পর্যন্ত এসপি দ্বারস্থ হয়েছে।
পরিবারের অভিযোগ, চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে উপজেলার নন্দুয়ার জওগাঁও গ্রামের প্রবাসী মিলন ইসলামের স্কুলপড়ুয়া মেয়েকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় তিন যুবক। পরে স্বজন ও প্রতিবেশীদের তৎপরতায় বাড়ির পাশ থেকে অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
কিশোরীর মা রাণী আক্তার জানান, অভিযুক্ত যুবকেরা দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। ঘটনার রাতে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির টয়লেটের পাশ থেকে মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়।