লালমনিরহাটে বিজিবি’র ব্যতিক্রমী উদ্যোগ: শিশুদের জন্য উন্মোচিত হলো আধুনিক ও আনন্দময় শিক্ষার নতুন দিগন্ত

সাদেকুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে কোমলমতি শিশুদের জন্য আধুনিক, আনন্দমুখর ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন। বিশ্বমানের শিক্ষাপদ্ধতির অনুসরণে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে এই নতুন ধারা প্রবর্তন করা হয়েছে।

১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে শিশুদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে।

শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও দলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেণিকক্ষে প্রথাগত বেঞ্চের বদলে আধুনিক গোল টেবিলভিত্তিক বসার ব্যবস্থা চালু করা হয়েছে। এতে শিশুরা একে অপরের মুখোমুখি বসে শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
শুধু পড়াশোনাই নয়, শিশুদের সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করতে চালু করা হয়েছে একটি বিশেষ ক্যান্টিন। এখানে প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে, যা তাদের ছোটবেলা থেকেই সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত করে তুলবে।
১৫ বিজিবি অধিনায়ক জানান, এই কার্যক্রমকে ধাপে ধাপে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। একটি নিরাপদ, সৃজনশীল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিজিবি’র এই সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগটি ইতোমধ্যেই অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আরো বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিশুরা আনন্দের সাথে স্কুলে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহণ করবে। আমাদের লক্ষ্য শিশুদের জন্য একটি নিরাপদ ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা নিজেদের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করতে পারে।