আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ডমনোজ রায় হিরু,

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃপঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কেনাবেচার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়দাপ ঘোষপাড়ার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং উপজেলার রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। আদালতের রায়ে স্বাধীনকে নগদ ১০০ টাকা অর্থদন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আনছারুলকে নগদ ১০০০ টাকা সহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সেখানে উপস্থিত হন। এসময় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৯(১)(গ) লঙ্ঘনের জন্য ধারা ৩৬(১) সারণি অনুযায়ী অর্থ ও কারাদন্ডাদেশ দেওয়া হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থ ও কারাদন্ডের পর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয় লোকজন এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে।উল্লেখ্য, আটোয়ারী উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।