পীরগঞ্জে আর এন ফিলিং অবৈধভাবে তেল মজুদ করা দায়ে, ৫০০০০ টাকা জরিমানা।
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
জারিকেনে ১০০ লিটার পেট্রোল তুলতেই ধরা, পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আরএন ফিলিং স্টেশন থেকে জারিকেনে পেট্রোল নেওয়ার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১০ টা দিকে পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর। অভিযানে সহযোগিতা করে পীরগঞ্জ থানা পুলিশ।
আটক ব্যক্তি মো. রেজওয়ানুল হক (৪৫)। তাঁর বাড়ি ভোমরাদহ এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরএন ফিলিং স্টেশন থেকে জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, এ ধরনের কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারা লঙ্ঘনের শামিল। এ অপরাধে রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।