শার্শায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর বাজার এলাকা থেকে মিলন হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত মিলন হোসেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির নেতা সুলাইমানের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার দুপুরে শিকারপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্বাচনী সময়ে অনুমোদনহীন প্রচারণা, জনসমাগম সৃষ্টি এবং আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। #