ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলাম শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি, ইতিহাস বলছে তারা ১৯৪৭ সালেও পাকিস্তানের বিরোধিতা করেছিল। অর্থাৎ তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।” বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গড়েয়া বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “অনেক মানুষ এসব ইতিহাস জানেন না। বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যে দল বাংলাদেশ রাষ্ট্রকেই বিশ্বাস করেনি, তারা কি এই দেশকে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কি এ দেশের মানুষ ভালো থাকবে?” এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
তিনি আরও বলেন, “যে দল অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনো সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি, এমন দলকে সমর্থন করা যায় না। আমরা বারবার বলছি, যারা বাংলাদেশের ক্ষতি করেছে, তাদের কখনোই ভোট দেওয়া উচিত নয়।”
স্থানীয়দের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “কোনো এলাকা তখনই উন্নত হয়, যখন সেই এলাকা থেকে একটি ভালো, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব ভালো হলে উন্নয়ন আসবেই।” পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন তিনি।