তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে বিএনপির আনন্দ মিছিল

বেনাপোল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশ করেছে । আজ বেলা সাড়ে ১২টায় যশোর শার্শা উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বেনাপোল বলফিল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে চেকপোস্ট গেট হয়ে বাহাদুরপুর মোড়ে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’—এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যশোর-১ শার্শা উপজেলার ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক জিয়ার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি হবে আরও সংগঠিত ও শক্তিশালী । দলীয় বিভেদ দূর হয়ে গড়ে উঠবে ঐক্যবদ্ধ নেতৃত্ব। আমরা তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। গণতান্ত্রিক রাজনীতির পথ আরও মজবুত হবে বলে মনে করেন তিনি ।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহাসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ নেতৃবৃন্দরা। #